Advertisement

সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন আহ্বায়ক শহীদুল সদস্য সচিব মোক্তার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে অবস্থিত ফোরামের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সংবাদকর্মীরা তাদের পেশাগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গঠিত আহ্বায়ক কমিটিতে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শাহজাদা মিনহাজ, সাইফুদ্দিন, মিজানুর রহমান রুবেল, আব্দুল্লাহ আল মারুফ, আবুল কালাম আজাদ, এরশাদ আলম ও রনি দেব। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরার অঙ্গীকার করেন নতুন এই কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখাই এই ফোরামের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতেও সংগঠনটি ভূমিকা রাখবে।

আগামী তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের অঙ্গীকার করেন উপস্থিত সাংবাদিকরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%