আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও রাকা সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপিকা পাডুকোন

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের ব্যক্তিগত জীবনে ফের আনন্দের জোয়ার। প্রথম সন্তান দুয়ার জন্মের পর এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন এই আবেদনময়ী অভিনেত্রী। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসেই নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন এই দম্পতি। তবে ব্যক্তিগত জীবনের এই বিশেষ সময়ের মধ্যেও পেশাগত দায়বদ্ধতায় দীপিকা যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও দীপিকা নিজেকে গুটিয়ে রাখেননি। পরিচালক অ্যাটলির নতুন মেগা প্রজেক্ট ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই নিজের অংশের শুটিং শেষ করার জন্য তিনি রীতিমতো লড়াই করছেন। এমনকি প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ক্যামেরা ও লাইটের সামনে নিজেকে মেলে ধরছেন এই তারকা। কাজের প্রতি তাঁর এমন অদম্য নিষ্ঠা দেখে শুটিং সেটের অন্যান্য সহকর্মী থেকে শুরু করে কলাকুশলীরাও অবাক। শারীরিক ক্লান্তি বা মাতৃত্বকালীন সীমাবদ্ধতা যেন তাঁর কাছে কোনো বাধাই নয়।
বিজ্ঞান কল্পকাহিনি এবং ফ্যান্টাসির মিশেলে তৈরি ‘রাকা’ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে। এই প্যান-ইন্ডিয়া অ্যাকশনধর্মী ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে সাউথের সুপারস্টার আল্লু অর্জুনকে। দীর্ঘ প্রতীক্ষিত এই জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। বড় ক্যানভাসে নির্মিত এই ছবিতে থাকছে প্রচুর ভিজ্যুয়াল ইফেক্টস এবং তাক লাগানো সব অ্যাকশন দৃশ্য।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাকা’। গর্ভাবস্থার এই চূড়ান্ত পর্যায়টুকুও পরম পেশাদারিত্বের সঙ্গে সামলে নিচ্ছেন দীপিকা। সেপ্টেম্বরের আগেই পুরো শুটিং পর্ব সম্পন্ন করার লক্ষ্য স্থির করেছেন তিনি। রুপালি পর্দার প্রতি তাঁর এমন অগাধ ভালোবাসা এবং কাজের প্রতি দায়বদ্ধতা ফের একবার প্রমাণ করল কেন তিনি বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের একজন। এখন কেবল সময়ের অপেক্ষা, নতুন সন্তানের আগমনের পাশাপাশি দীপিকা ও আল্লু অর্জুনের এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে বি-টাউন।
