দিনাজপুর বোর্ডে সেরাদের সেরা চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ২৪২ জন শিক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এমন গৌরবোজ্জ্বল সাফল্যে পুরো উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফলেই এই ঈর্ষণীয় ফলাফল অর্জিত হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি মুহূর্তের হিসাব রেখে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই এই সাফল্য নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এবারের পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০২ জন এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এই অভূতপূর্ব ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। তিনি আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলসহ উপজেলার সকল সফল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও অধিক যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
