AdvertisementAdvertisement

৪৫ বছর বয়সে এসএসসি পাস করে দৃষ্টান্ত গড়লেন কাঠমিস্ত্রি নাসিমুল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী কাঠমিস্ত্রি নাসিমুল হক সংসারের ঘানি ও পেশাগত দায়িত্ব সামলে অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন। রাজশাহী কমার্স কলেজ থেকে কারিগরি শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৪.৬২ অর্জন করে উত্তীর্ণ হয়েছেন। সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর তার এই অভাবনীয় সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

পেশায় কাঠমিস্ত্রি নাসিমুল হক ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংসার ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া যে কতটা কঠিন ছিল, তা উল্লেখ করে তিনি জানান, ২০০২ সালে সংসারের হাল ধরতে বাধ্য হয়েই তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল। তবে নিজের অদম্য জেদ ও শিক্ষার প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকে দীর্ঘ দুই দশক পর আবারও বই হাতে তুলে নেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

নাসিমুল হক বলেন, তার এক কন্যা ও দুই সন্তান রয়েছে, যাদের সামনে তিনি আদর্শ হয়ে ওঠার পাশাপাশি পড়াশোনায় উৎসাহ জোগাতে চেয়েছেন। বয়স যে শিক্ষার কোনো অন্তরায় হতে পারে না, তা প্রমাণ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। এসএসসি পাসের এই সাফল্যকে পাথেয় করে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকের পেশায় কঠোর পরিশ্রমের পাশাপাশি তার এই শিক্ষাগত অর্জন এলাকায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, নাসিমুল হক প্রমাণ করেছেন যে প্রবল ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই সফল হওয়া সম্ভব। তার এমন অদম্য মানসিকতা সমাজের অন্যদের কাছেও অনুকরণীয় হয়ে থাকবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%