সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁ ও নাটোরের ১৩ প্রবাসী শ্রমিক নিহত

সৌদি আরবের রিয়াদ নগরীর খোরদাম এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জনসহ মোট ১৩ জন বাংলাদেশি শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে, যাতে আটকা পড়ে কর্মরত শ্রমিকরা প্রাণ হারান।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ রয়েছেন। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়ালও এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।
প্রবাসের মাটিতে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পাড়ি জমানো এসব মানুষের এমন করুণ মৃত্যুতে নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস, অনেকে এখনো তাদের প্রিয়জনের চূড়ান্ত তথ্য পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তাসহ দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
