AdvertisementAdvertisement

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিন ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কাটার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ছোট ভাই-বোনকে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই তরুণীর মাথার চুল কেটে দেওয়া এবং গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপদস্থ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সখিপুরের ছৈয়ালকান্দি এলাকার মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরেই ফারিয়া আক্তার নামের ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। গত মঙ্গলবার সকালে ফারিয়া তার ছোট বোন মারিয়া আক্তার ও ভাই ফাহিমকে সঙ্গে নিয়ে মনিরের দোকানে কেনাকাটা করতে গেলে সেখানে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হয়। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মনির ও তার সহযোগীরা তিন ভাই-বোনকে পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে।

Advertisement
বিজ্ঞাপন

একপর্যায়ে ভুক্তভোগীদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং চুরির মিথ্যা অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অসহায় তরুণীকে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে এক নারী তার গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন এবং অপর একজন তার মাথার চুল কেটে দিচ্ছেন। একই সঙ্গে তার ছোট বোনকেও গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে সখিপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আফসানা সরদার ও আমির নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%