শরীয়তপুরের নড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

নড়িয়া উপজেলায় পানি খাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আক্তার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আক্তার হোসেন ওই এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার নানীর বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আক্তার হোসেন পানি খাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে।
পানি নেওয়ার পর তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং ভুক্তভোগীকে জাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় মেয়েটি চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন এবং গামছা দিয়ে তার পা বেঁধে ফেলেন।
পরে ভুক্তভোগীর নানী বাড়িতে ফিরে এলে অভিযুক্ত বিষয়টি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। নানীর কাছে ঘটনা জানার পর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।