যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্যে জালপেনো মরিচ থেকে সালমোনেলা সংক্রমণ তিন শতাধিক অসুস্থ

যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যে জালাপিনো মরিচ থেকে ছড়িয়ে পড়া সালমোনেলা সংক্রমণের শিকার হয়েছেন অন্তত ৩৪৫ জন। ফেডারেল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মেক্সিকোর সিনালোয়া অঞ্চলের একটি খামার থেকে সরবরাহকৃত মরিচের মাধ্যমেই এই প্রাণঘাতী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও অন্তত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের অধিকাংশের সন্ধান পাওয়া গেছে মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি বুধবার এক বিবৃতিতে জানায়, কোস্ট সাইট্রাস ডিস্ট্রিবিউটরস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে এই মরিচ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কোম্পানিটি ইতিমধ্যে পণ্যটি বাজার থেকে তুলে নেওয়ার কাজ শুরু করেছে এবং চিপোটলে ও কিউডোবার মতো নামকরা মেক্সিকান রেস্তোরাঁ চেইনগুলোকে সতর্ক করেছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে এসব রেস্তোরাঁ চেইন তাদের মেনু থেকে জালাপিনো মরিচ সরিয়ে ফেলেছে। সিডিসির ভাষ্যমতে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় এই রেস্তোরাঁগুলোর গ্রাহকদের জন্য বর্তমানে আর বড় কোনো ঝুঁকি নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১৩ লাখ ৫০ হাজার মানুষ সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। শসা, ডিম, পাস্তুরিত নয় এমন দুধ, তাজা তুলসীপাতা কিংবা পোষা প্রাণীর মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার নজির রয়েছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে ভুক্তভোগীদের মধ্যে তীব্র জ্বর, ডায়রিয়া ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ খতিয়ে দেখছে যে, এই মরিচ খুচরা বাজারে পৌঁছানো হয়েছে কি না।
এদিকে সালমোনেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণের একটি পৃথক ঘটনা নিয়ে তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টাকো বেল চেইন রেস্তোরাঁয় পরিবেশন করা মেক্সিকান লেটুস পাতাকে এই সংক্রমণের উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ এখনো এই প্রাদুর্ভাবের আরও সম্ভাব্য উৎস অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
