AdvertisementAdvertisement

তীব্র দাবদাহে পুয়ের্তো রিকোয় নজিরবিহীন পানি রেশনিং, চরম সংকটে ১ লাখ ৮০ হাজার মানুষ

ভয়াবহ খরার কবলে পড়ে তীব্র পানি সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তো রিকো। সংকট মোকাবিলায় সান জুয়ানসহ প্রধান শহরগুলোতে শুক্রবার থেকে পালাক্রমে পানি রেশনিংয়ের কঠোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর ফলে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ প্রতিবার ৪৮ ঘণ্টার জন্য পানি সরবরাহ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।

পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেজ মঙ্গলবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমান প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কতদিন এই রেশনিং ব্যবস্থা বলবৎ থাকবে তা এখনই বলা সম্ভব নয়। আবহাওয়াবিদদের মতে, শুষ্ক এই মৌসুম অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

Advertisement
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের খরা পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পুয়ের্তো রিকোর প্রায় ২৫ শতাংশ এলাকা বর্তমানে তীব্র খরার শিকার এবং ৩৬ শতাংশ এলাকা মাঝারি ধরনের খরার কবলে রয়েছে। রাজধানী সান জুয়ানে গত জুলাই মাসটি ১২০ বছরের ইতিহাসে সবচেয়ে শুষ্ক এবং দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মারিয়া নোভোয়া গার্সিয়া জানিয়েছেন, এল নিনোর প্রভাবে আগামী কয়েক সপ্তাহ বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় অন্তত ৫০ শতাংশ কম হতে পারে।

Advertisement
বিজ্ঞাপন

কর্তৃপক্ষ রেশনিংয়ের ঘোষণা দিলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে চলা অব্যবস্থাপনার কারণে এমনিতেই অনেক এলাকায় পানির সংকট ছিল বলে অভিযোগ করেছেন মারিয়া সোলার প্যারিস নামক এক কমিউনিটি নেতা। তিনি জানান, রেশনিংয়ের নতুন এই নিয়ম বয়স্ক ও শয্যাশায়ী রোগীদের জন্য চরম দুর্দশা বয়ে আনবে।

পরিস্থিতি সামাল দিতে পুয়ের্তো রিকোর পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ট্রাকের মাধ্যমে পানযোগ্য পানি বিতরণ করা হবে এবং হাসপাতাল ও বয়স্ক নিবাসগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অবকাঠামোগত দীর্ঘদিনের অবহেলা ও বিনিয়োগের অভাবের কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে বলে স্বীকার করেছেন গভর্নর। এর আগে ২০১৫ ও ২০২০ সালেও দ্বীপটিতে অনুরূপ পানি রেশনিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%