বিভ্রান্তিকর বিজ্ঞাপনের দায়ে ডাবরের সাত পণ্য নিষিদ্ধ করল খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই

ক্রেতাদের বিভ্রান্তিকর ও অস্পষ্ট তথ্য প্রদানের অভিযোগে জনপ্রিয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাবর ইন্ডিয়ার অন্তত সাতটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই। প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মোড়কে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’ কিংবা ‘১০০ শতাংশ জৈবিক’ বলে যে দাবি করা হচ্ছিল, তা আইনবহির্ভূত এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের পর্যায়ে পড়ে বলে জানিয়েছে সংস্থাটি।
খাদ্য নিয়ামক সংস্থার কঠোর পর্যবেক্ষণ অনুযায়ী, ‘১০০ শতাংশ ন্যাচারাল’, ‘১০০ শতাংশ পিওর’ কিংবা ‘১০০ শতাংশ অর্গানিক’-এর মতো শব্দবন্ধগুলো অত্যন্ত অস্পষ্ট এবং সাধারণ ভোক্তাদের ভুল পথে চালিত করার জন্য ব্যবহৃত হয়। বিজ্ঞানের মানদণ্ডে এই ধরনের ১০০ শতাংশের দাবি যাচাই করা অসম্ভব। ২০১৮ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্লেমস) রেগুলেশনস অনুযায়ী, বাজারে প্রচলিত যেকোনো খাদ্যপণ্যে এহেন বিভ্রান্তিকর দাবি প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষত ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার’ এবং ‘ডাবর অর্গানিক হানি’-র গায়ে জৈবিক ভারত বা অর্গানিক ইন্ডিয়া লোগো ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথিপত্রের অভাব ছিল। ডাবর কর্তৃপক্ষের কাছে এফএসএসএআই থেকে অর্গানিক খাবারের যে অনুমোদনের প্রয়োজন, তা না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে পণ্যগুলো বাজারজাত করা হচ্ছিল।
এই নিষেধাজ্ঞা হঠাৎ নেওয়া কোনো পদক্ষেপ নয় বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর আগেও ডাবর ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংস্থাটির পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়েই এমন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে ডাবরকে আগামী ১৫ দিনের মধ্যে একটি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম থেকে এই ধরনের বিতর্কিত বিজ্ঞাপন ও লেবেল অবিলম্বে সরিয়ে ফেলার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।
এদিকে, এফএসএসএআই-এর নোটিশ পাওয়ার পর ডাবর ইন্ডিয়া তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব বুঝে তা খতিয়ে দেখছে। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
