দিল্লিতে র্যাপিডো অটোর ভেতরে চালকের অশালীন আচরণ, যাত্রী নিরাপত্তায় গুরুতর প্রশ্ন

ভারতের রাজধানী দিল্লিতে রাইড শেয়ারিং অ্যাপ র্যাপিডোর একটি অটোতে চড়ে এক নারী যাত্রী ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গত রবিবার রাত ৮টা ৪৮ মিনিটে দিল্লির সফদরজং থেকে মডেল টাউনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ওই যাত্রী। চলন্ত অটোতে চালকের বিকৃত আচরণ ও আপত্তিকর ভিডিও দেখার ঘটনায় চরম নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আতঙ্কিত হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, যাত্রাপথে একটি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশের এক নারী বাইক আরোহী ইশারায় তাকে সতর্ক করেন যে, চালক তার মোবাইলে আপত্তিকর ভিডিও দেখছেন। বিষয়টি টের পাওয়ার পর চালক দ্রুত ফোন লুকিয়ে ফেলেন। এরপর ওই যাত্রী লক্ষ্য করেন, চালক অশালীনভাবে নিজের শরীর স্পর্শ করছেন এবং জোরে জোরে শ্বাস নিচ্ছেন। গন্তব্যে পৌঁছাতে তখনও প্রায় ৩০ মিনিট বাকি থাকায় এবং রাস্তা জনশূন্য হওয়ায় ভয়ে তিনি চলন্ত অটো থেকে নামার সাহস পাননি।
ভুক্তভোগী ওই নারী চলন্ত অটো থেকেই র্যাপিডোর সেফটি টিমের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি অবহিত করেন। গন্তব্যে পৌঁছানোর পর চালকের কাছে কৈফিয়ত চাইলে অভিযুক্ত চালক, যার নাম ছোটুলাল কুমার যাদব, অসংলগ্ন অজুহাত দেন। তিনি দাবি করেন, তিনি কেবল বিদেশি নারীদের ভিডিও দেখছিলেন। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ওই নারীর পোস্টটি ভাইরাল হলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে এবং নেটিজেনরা রাইড শেয়ারিং অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তবে ঘটনার পর র্যাপিডোর ভূমিকা নিয়েও যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ, গুরুতর এই ঘটনার পরও কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সংস্থার পক্ষ থেকে কোনো ফলো-আপ যোগাযোগ করা হয়নি। পরবর্তীতে ভিডিওটি প্রকাশ্যে আসার পর র্যাপিডোর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ওই চালককে প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে দাবি করে সংস্থাটি তাদের ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তবে অভিযুক্ত এই অটোচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
