বিচ্ছেদের জল্পনা উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অনুপমা পরমেশ্বরন

সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট ঘিরে শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের আগুনে জল ঢাললেন দক্ষিণী তারকা অনুপমা পরমেশ্বরন। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কের ইতি টানার যে আলোচনা তুঙ্গে উঠেছিল, তার কড়া জবাব দিয়েছেন এই ‘প্রেমাম’ খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি তেলেগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’-এর টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে অনুপমা স্পষ্ট জানান, তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলোকে ঘিরে ভক্ত-অনুরাগীদের তৈরি করা জল্পনা একেবারেই ভিত্তিহীন। অভিনেত্রী বলেন, এই পোস্টগুলো কোনো বিচ্ছেদ বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে করা হয়নি। বরং একজন নারী হিসেবে নিজের জীবনবোধ, পরিবর্তন এবং আত্ম-উন্নয়নের গল্পই তিনি তুলে ধরতে চেয়েছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারের পূর্ণ স্বাধীনতা তাঁর আছে বলেও দৃঢ় কণ্ঠে মন্তব্য করেন এই গ্ল্যামারাস তারকা।
দীর্ঘ পাঁচ মাসের বিরতি ভেঙে সম্প্রতি ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন করেন অনুপমা। ভয় কাটিয়ে নতুন করে জীবন শুরুর ইঙ্গিতবাহী বার্তাগুলোই মূলত ভক্তদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনের জন্ম দেয়। বিশেষ করে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সখ্যতা নিয়ে গত কয়েক বছর ধরে যে কানাঘুষা চলছিল, সেই প্রেক্ষাপটেই এই পোস্টগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করেন নেটিজেনরা। উল্লেখ্য, ২০২৫ সালে তামিল সিনেমা ‘বাইসন: কালামাডান’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই এই জুটির রসায়ন নিয়ে চর্চার শেষ ছিল না। দুজনের যৌথ স্পটিফাই প্লেলিস্ট ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি তাদের সম্পর্কের গুঞ্জনকে বারবার উসকে দিলেও, বরাবরই মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।
অনুপমার এই স্পষ্টবক্তব্য আপাতত গুঞ্জনের পালে কিছুটা হাওয়া কমিয়েছে। ক্যারিয়ারের নতুন অধ্যায়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী। সবশেষ রহস্য-অপরাধভিত্তিক সিনেমা ‘মারিচিকা’-তে দুর্দান্ত অভিনয়ের পর, এখন তিনি ব্যস্ত ‘ক্রেজি কল্যাণম’ নিয়ে। বদ্রাপ্পা গাজুলা পরিচালিত এই পারিবারিক রোমান্টিক ঘরানার সিনেমায় অনুপমার বিপরীতে নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারির মতো তারকাদের দেখা যাবে। ১৫ সালে ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া অনুপমা আজও তাঁর সাবলীল অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে জয় করে নিচ্ছেন দর্শক হৃদয়।
