AdvertisementAdvertisement

স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ অভিনেত্রী অদিতির

টেলিভিশন দুনিয়ার গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে এল জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মার ব্যক্তিগত জীবনে। ‘কালিরেঁ’ খ্যাত এই অভিনেত্রী তাঁর স্বামী অভনীত বিদ্যানন্দ কৌশিক এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন। মুম্বাইয়ের গোরেগাঁও থানায় অদিতির দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন অঙ্গনে।

পুলিশি নথি অনুযায়ী, অদিতির অভিযোগে অভিযুক্তদের তালিকায় রয়েছেন তাঁর স্বামী অভনীত, ৬৫ বছর বয়সী শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিক। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় নিষ্ঠুরতা, বিশ্বাসভঙ্গ এবং ইচ্ছাকৃত অপমান ও অসম্মানের মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। অদিতির অভিযোগ, বিয়ের গয়না থেকে শুরু করে হীরের আংটি—সবই নিজের কবজায় রেখেছেন তাঁর শাশুড়ি, যা বহুবার চেয়েও ফেরত পাননি অভিনেত্রী।

Advertisement
বিজ্ঞাপন

২০২১ সালে অনলাইনে অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে অভনীতের সঙ্গে অদিতির পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সম্পর্কের পর ২০২৪ সালের নভেম্বরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই স্বপ্নের সংসার দুঃস্বপ্নে রূপ নেয়। অদিতির বয়ান অনুযায়ী, বিয়ের অল্প সময়ের মধ্যেই অভনীতের আচরণে আমূল পরিবর্তন আসে। সংসারের খরচ চালানোর পরিবর্তে উল্টো অদিতির ওপরই আর্থিক চাপ সৃষ্টি করা শুরু হয়।

কফি বানানো নিয়ে সামান্য বিবাদ থেকে নতুন বছরের শুরুতেই অদিতির ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। এখানেই শেষ নয়, অভনীত নিয়মিত অদিতির চরিত্র নিয়ে সন্দেহ করতেন এবং তাঁর মোবাইল ফোন চেক করার মতো অনভিপ্রেত আচরণ করতেন। অদিতির দাবি, অশান্তির মুহূর্তে শাশুড়ি ও ননদ পরিস্থিতি সামলানোর পরিবর্তে তাঁকে মানসিকভাবে লাঞ্ছিত করতেন, যা তাঁর মানসিক অবস্থাকে আরও বিপর্যস্ত করে তোলে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, এই দম্পতির দাম্পত্য কলহ নিয়ে এর আগেও নানা গুঞ্জন শোনা গিয়েছিল। ২০২৫ সালের মার্চ মাসে অভনীত অভিযোগ করেছিলেন যে, অদিতি তাঁর সহ-অভিনেতা সামর্থ্য গুপ্তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত এবং অভিনেত্রী তাঁর কাছে ২৫ লাখ টাকা খোরপোশ দাবি করছেন। তবে সেই সময় অদিতি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। বর্তমানে গোরেগাঁও থানা ঘটনার তদন্ত চালাচ্ছে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ‘ইয়ে জাদু হ্যায় জিন কা’ এবং ‘খাতরো কে খিলাড়ি ১৪’-এর মতো জনপ্রিয় শোয়ে কাজ করা অদিতি এখন ন্যায়বিচারের অপেক্ষায়।

0%
0%
0%
0%