প্রাকৃতিক রূপচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনে সাই পল্লবীর অনন্য সৌন্দর্য রহস্য

দক্ষিণী রূপালী পর্দার রহস্যময়ী ও ন্যাচারাল বিউটির অনন্য উদাহরণ সাই পল্লবী। গ্ল্যামারের চাকচিক্য আর দামী প্রসাধনী এড়িয়ে কীভাবে সহজাত সৌন্দর্যকে টিকিয়ে রাখা যায়, তার এক জাদুকরী দৃষ্টান্ত তিনি। তারকা এই অভিনেত্রীর মতে, প্রকৃত লাবণ্য কোনো বিউটি স্যালন কিংবা কেমিক্যাল পণ্যে সীমাবদ্ধ নয়, বরং তা উৎসারিত হয় শরীরের ভেতর থেকে। সুস্থ জীবনযাপনই তাঁর চিরতরুণ রূপের মূল চাবিকাঠি।
নিজের সৌন্দর্যের রহস্য উন্মোচন করতে গিয়ে সাই পল্লবী জানিয়েছেন, তিনি সবসময় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বিশ্বাসী। তাঁর প্রতিদিনের মেনুতে জায়গা করে নেয় টাটকা ফল, সবুজ শাকসবজি এবং বাদামের মতো পুষ্টিকর খাবার। তিনি মনে করেন, সুষম আহার কেবল শরীরকেই সতেজ রাখে না, বরং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকেও অটুট রাখে। দৈনন্দিন রুটিনে নিয়মিত শরীরচর্চা এবং প্রচুর পরিমাণে জল পান করার বিষয়টি তাঁর কাছে ধর্মের মতো পালনীয়।
রাসায়নিকযুক্ত প্রসাধনী থেকে নিজেকে সবসময় যোজন দূরত্বে রাখেন ‘সীতা’। কৃত্রিম শ্যাম্পু বা সাবানের বদলে অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদানের ওপরই তাঁর অগাধ আস্থা। চুলের স্বাভাবিক গঠন বজায় রাখতে তিনি ঘনঘন রঙ করা বা কেমিক্যাল ব্যবহারের বিপক্ষে। সাধারণ জীবনযাত্রার এই দর্শনেই তিনি খুঁজে পান প্রকৃত প্রশান্তি।
নিজের ব্রণ কিংবা ত্বকের খুঁত নিয়ে কখনোই লুকোচুরির আশ্রয় নেননি এই অভিনেত্রী। তাঁর মতে, নিখুঁত মেদহীন চেহারার চেয়ে আত্মবিশ্বাসই একজন মানুষের আসল অলঙ্কার। তিনি বিশ্বাস করেন, দর্শকদের কাছে একজন শিল্পীর অভিনয়শৈলী এবং চরিত্রের গভীরতাই শেষ পর্যন্ত টিকে থাকে। তাই বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মননের সৌন্দর্যকেই তিনি বেশি প্রাধান্য দেন।
এদিকে ক্যারিয়ারের অন্যতম মাইলফলক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। নীতেশ তিওয়ারি পরিচালিত বিগ বাজেট ও বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’-এ তিনি দেবী সীতার চরিত্রে পর্দায় আসছেন। তাঁর বিপরীতে শ্রীরামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে। রুপালি পর্দায় এই তারকা জুটির রসায়ন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগনিত ভক্তরা।
