মতলব উত্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রকান্দি এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই আয়োজনে প্রাথমিকে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আউয়াল। শিক্ষার্থীদের মেধা বিকাশে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
একাডেমির অধ্যক্ষ মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।
উক্ত আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি প্রদান আগামী দিনে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।