আজাদ জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দামামা বিলাওয়াল ভুট্টোর নির্বাচনী প্রচারসূচি ঘোষণা

আগামী ২৭ জুলাই আজাদ জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী প্রচারণার গতি সঞ্চারে তিনি বিভিন্ন অঞ্চলে একাধিক জনসভায় যোগ দেবেন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ জুলাই দাদিয়াল, ১৯ জুলাই কোটলি, ২১ জুলাই নাকিয়াল, ২২ জুলাই মিরপুর এবং ২৪ জুলাই মুজাফফরাবাদে বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিলাওয়াল। পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার পরবর্তী ধাপের কর্মসূচির সূচি খুব দ্রুতই প্রকাশ করা হবে।
২০২১ সালের জুলাই মাসে অঞ্চলটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে আজাদ জম্মু ও কাশ্মীরে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কমিশনের তথ্যমতে, ৪৫টি নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৪ হাজার ৩৮৫ জন, যা ২০২১ সালের নির্বাচনে ছিল ৩২ লাখ ২০ হাজার ৫৪৬ জন। অর্থাৎ, গত কয়েক বছরে নতুন করে ৫ লাখ ৮৩ হাজার ৮৩৯ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচনী এলাকা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আজাদ জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরে ৩৩টি আসনে ৩৩ লাখ ৬৫ হাজার ৮৩৯ জন ভোটার নিবন্ধিত রয়েছেন। অন্যদিকে, পাকিস্তান অঞ্চলে আশ্রয় নেওয়া অধিকৃত জম্মু ও কাশ্মীরের শরণার্থীদের জন্য নির্ধারিত ১২টি আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৫৪৬ জন। কমিশনের তথ্যানুসারে, মোট ভোটারের মধ্যে ২০ লাখ ১ হাজার ৭৩০ জন পুরুষ এবং ১৮ লাখ ২ হাজার ৬৫৫ জন নারী।
অঞ্চলটির নির্বাচনী এলাকাগুলোর মধ্যে ভোটার সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে এলএ-৭ ভিম্বার-৩ আসন, যেখানে ভোটারের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯৯৪ জন। এ তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে এলএ-৩১ মুজাফফরাবাদ-৫ ও এলএ-১২ কোটলি-৫ আসন, যেখানে যথাক্রমে ১ লাখ ২৮ হাজার ১৭৭ ও ১ লাখ ২৬ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার সংবলিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এলএ-৩০ মুজাফফরাবাদ-৪ আসন, যেখানে ভোটারের সংখ্যা ৬৮ হাজার ২২৮ জন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
