AdvertisementAdvertisement

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৮

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জলুরদিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাশ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisement
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড়ের গাদায় আগুন লাগার কারণে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুটি ঈগল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মার্সা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Advertisement
বিজ্ঞাপন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সামিয়া রওশন জানান, আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৮ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

0%
0%
0%
0%