বালুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত, মহাসড়ক অবরোধ করে স্বজনদের বিচার দাবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিলা আবদুল্লাহ জেলায় দুষ্কৃতিকারীদের অতর্কিত গুলিবর্ষণে চারজন নিহত ও এক কিশোরী গুরুতর আহত হয়েছে। রবিবার জেলার বাদওয়ান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিনের কোনো পারিবারিক বা গোত্রীয় শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
পুলিশের ভাষ্যমতে, নিহতদের পরিচয় পাওয়া গেছে ওবাইদুল্লাহ, জিয়াউল্লাহ, আইমাল এবং মোহাম্মদ শহীদ হিসেবে। হামলায় বিবি সানিয়া নামের এক কিশোরী গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধারকারী দল ভুক্তভোগীদের উদ্ধার করে মেজি আড্ডা ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত কিশোরীকে পরবর্তীতে কোয়েটার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা কোয়েটা-চামান মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই অবস্থানের ফলে ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিলা আবদুল্লাহর ডেপুটি কমিশনার মুনাওয়ার হোসেন মাগসি ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়। প্রশাসনিক আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে জোর তৎপরতা চালাচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
