শরীয়তপুরে মাছ চুরির অপবাদে যুবককে নির্যাতন, প্রধান আসামি ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহীন মাদবর (৪২)কে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার লালবাগের পলাশীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভোরে মো. সেলিম পাইক (৩২) ডামুড্যা থানাধীন কনেশ্বর ইউনিয়নের ইকরিস্থ গাউসিয়া মাছের প্রজেক্ট এলাকার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহীন মাদবরসহ কয়েকজন তাকে পথরোধ করে। এ সময় তারা সেলিমের বিরুদ্ধে মাছ চুরির অপবাদ এনে তাকে বেধড়ক মারধর করে।

নির্যাতনের ফলে সেলিম পাইকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং পাঁচটি সেলাই দিতে হয়। এছাড়া তার দুই পায়ের হাড় ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করলে পরে তাকে অটোরিকশাযোগে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে রেফার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত সেলিম পাইকের বড় ভাই বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে শাহীন মাদবরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত- গ্রেপ্তার
0%
0%
0%
0%