কুমিল্লার তিতাসে মাদকাসক্ত ভাইয়ের মারধরে বোনের মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরের শিকার হয়ে রাজিয়া আক্তার নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সানাউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য শনিবার বড় বোন রাজিয়া আক্তারের ওপর চড়াও হন তিনি। তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীকালে তার মৃত্যু ঘটে। ঘটনার পর স্থানীয়রা সানাউল্লাহকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা এবং তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সানাউল্লাহর কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নিহত রাজিয়ার বাবা আব্দুস সামাদ জানিয়েছেন, সানাউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকের করাল গ্রাসে বন্দী ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক জানান, মারধরের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে পুলিশের পক্ষ থেকে এই মৃত্যুর ঘটনার নেপথ্যের কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।