বাংলাদেশের অর্থনীতি তুর্কি বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময়

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং দক্ষ জনশক্তি তুর্কি বিনিয়োগকারীদের জন্য এক বড় আকর্ষণ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে এক বৈঠকে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি বিশেষত তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চামড়াজাত ও পাটজাত পণ্যে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী হলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশে তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের কারণে তুরস্কের উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।
তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, দেশটির দ্রুত বিকাশমান অর্থনীতি এবং দক্ষ জনশক্তি তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্যেরও প্রশংসা করেন এবং তুরস্কে এর কদর রয়েছে বলে জানান।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত রামিজ সেন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।