কারাবন্দিদের অধিকার রক্ষা ও কারাগারের মানোন্নয়ন প্রাদেশিক সরকারের সাংবিধানিক দায়িত্ব: প্রধান বিচারপতি আফ্রিদি

কারাগারে বন্দিদের মানবাধিকার সুরক্ষা বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আয়োজিত কারা সংস্কার বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন। প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যে, কারাগারের পরিবেশ উন্নত করা এবং বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারগুলোর সাংবিধানিক দায়িত্ব।
অনুষ্ঠানে চার প্রদেশের মুখ্যমন্ত্রী, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, বেলুচিস্তান ও সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতিরাসহ ফেডারেল শরিয়াহ আদালতের প্রধান বিচারপতি এবং উচ্চপদস্থ পুলিশ ও কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি তাদের স্বাগত জানিয়ে বলেন, অপরাধ বিচার ব্যবস্থায় বন্দিদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে কারাবন্দিদের সুচিকিৎসা এবং বিশুদ্ধ খাবার পানির সংস্থান নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি জানান, বিচার বিভাগে ঝুলে থাকা মামলার জট কমাতে ইতিমধ্যেই আশাব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেবল আদালতের রায়ের মাধ্যমেই বিচার ব্যবস্থায় দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়, বরং গৃহীত সিদ্ধান্তের যথাযথ ও কার্যকর বাস্তবায়নই মূল চাবিকাঠি।
তিনি আরও উল্লেখ করেন যে, বিচার বিভাগের ভেতরে জবাবদিহিতার প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। একটি কার্যকর ও শক্তিশালী অপরাধ বিচার ব্যবস্থা যেকোনো সভ্য সমাজের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
