সিরাজগঞ্জে ভেজাল সার বিতরণ বিতর্কে কৃষি কর্মকর্তা বদলি ও তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলির এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে; অন্যথায় ২ জুলাই থেকে তিনি ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

বিজ্ঞাপন

গত ২৪ জুন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে চারা ও জৈব সার বিতরণের সময় এই অনিয়মের ঘটনাটি প্রকাশ্যে আসে। বিতরণকৃত সারের বস্তা খুলে কৃষকরা দেখতে পান, তাতে উন্নত মানের জৈব সারের পরিবর্তে পলিথিনমিশ্রিত মাটি ও ময়লা-আবর্জনা ভর্তি রয়েছে। ভেজাল সার পাওয়ার ঘটনায় উপকারভোগী কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অনেকেই সার গ্রহণ না করে শুধু চারা নিয়ে ফিরে যান। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন মহল জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%