মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ আটক ৮ চোরাচালানকারী, ট্রাক ও বাস জব্দ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুটি সফল অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আটজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
গত ২০ জুন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে উপ-পরিদর্শক ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যশোর-ট-১১-৫৬৩৭ নম্বরের একটি আইসার ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ব্র্যান্ডের চকলেট ও মেনটোস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৬৫ হাজার ৮২২ টাকা। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরদিন ২১ জুন সকাল ৮টা ৫ মিনিটের দিকে একই স্থানে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ ঘটনায় বাসটির ছয়জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও থানায় মামলা রুজু করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জব্দকৃত ট্রাক ও বাসসহ উদ্ধারকৃত মালামাল থানায় আনা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
