আমফানের ত্রাণ বিতরণে ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিতরণে ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ভারতর ডায়মন্ড হারবার লোকসভা আসনের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাস এই অভিযোগ আনেন। তার অভিযোগ, ২০২০ সালে আমফানের পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ সরকারি সহায়তা বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে ২০,০০০ টাকা এবং বাড়ি মেরামতের জন্য ৫,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বিতরণের প্রক্রিয়া গ্রহণ করেছিল সরকার। তবে এই অর্থ বিতরণে যে পোর্টাল ব্যবহার করা হয়েছিল, তাতে সম্পূর্ণ পাকা ও অক্ষত বাড়িগুলোকেও ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একই বাড়িতে বসবাসরত একাধিক ব্যক্তির নামে আলাদাভাবে আবেদন করে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টার বিষয়টিও অভিযোগে উল্লেখ করেছেন বিজেপি নেতা।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তাপের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি আইনি জটিলতার মুখে পড়েছেন। বিধানসভায় সই জালিয়াতির একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। সেখানে তাকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এবং আগামী ১৪ জুন তাকে পুনরায় তলব করা হয়েছে।
পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ জুন অভিষেককে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। একই সঙ্গে, বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক ভাষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি তাকে ১৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। একের পর এক আইনি তলবে ডায়মন্ড হারবারের সাংসদের রাজনৈতিক ও আইনি সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
