মিরসরাইয়ে কৃষক দলের সম্মেলনে আশরাফ সভাপতি ও ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার সকালে মিরসরাই কলেজ মাঠ স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে সভাপতি পদে আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেন, কৃষক ও শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের সংগ্রামকে সফল করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের শ্রমিক ও মাঠের কৃষকের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও বর্তমানে তারা চরম সংকটে দিনাতিপাত করছেন। সার ও সেচের মূল্যবৃদ্ধি এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকরা আজ দিশেহারা। এই সংকট থেকে উত্তরণে কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৯১০ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে আশরাফ উদ্দিনকে সভাপতি এবং সাইফুল ইসলাম ফারুককে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাই বরাবরই জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম শক্ত ঘাঁটি। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যেকোনো আন্দোলন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মিরসরাইয়ের কৃষক-জনতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
