দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে নতুন আক্রান্ত ১১৫৩ জন মৃত ১

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৩ জন এবং এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দীর্ঘ এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে, যার মধ্যে প্রাণ হারিয়েছে ৫৫১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে এবং এ সময়ে নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসাসেবার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন। বর্তমানে দেশের স্বাস্থ্যখাত এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে এবং এ বিষয়ে তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি দিকনির্দেশনা দিয়েছেন।