অস্ট্রেলীয় আদিবাসী কিশোরী হত্যায় দাঙ্গা; গ্রেপ্তার সন্দেহভাজন

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত শহর অ্যালিস স্প্রিংসে পাঁচ বছর বয়সী এক আদিবাসী শিশুকন্যাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্ত থাকার আবেদন জানিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। শুক্রবার অভিযুক্ত ৪৭ বছর বয়সী জেফারসন লুইসকে গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালায়, পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় বহু পুলিশ ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস হাসপাতালে প্রায় ৪০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। স্থানীয়দের প্রহারে অচেতন হয়ে পড়ার পর সন্দেহভাজন জেফারসন লুইসকে সেখানেই আনা হয়েছিল। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি প্রচারিত ফুটেজে দেখা গেছে, জনতা “প্রতিশোধ” (পেব্যাক) চেয়ে স্লোগান দিচ্ছিল, যা আদিবাসী সমাজে ঐতিহ্যবাহী শারীরিক শাস্তিকে বোঝায়। তারা পুলিশের দিকে পাথর ও বিভিন্ন বস্তু ছুঁড়ে মারে এবং আগুন ধরিয়ে দেয়।
এই বিশৃঙ্খলায় পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
নর্দার্ন টেরিটরি পুলিশের কমিশনার মার্টিন ডোল জানান, শুক্রবার ভোরবেলায় অ্যালিস স্প্রিংসের একটি উপশহরে পুলিশ হেফাজতে যাওয়ার সময় জেফারসন লুইসের ওপর স্থানীয়রা হামলা চালালে এই সহিংসতার সূত্রপাত হয়। পুলিশ বিশ্বাস করে, লুইসই ওই শিশুকন্যাকে অপহরণ ও হত্যা করেছে।
অপহৃত শিশুকন্যা কুমানজাই লিটল বেবি গত শনিবার গভীর রাত থেকে অ্যালিস স্প্রিংসের উপকণ্ঠে তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। শহরের জনপ্রিয় পর্যটন এলাকার ঘন ঝোপঝাড়ে শত শত মানুষের ব্যাপক তল্লাশির পর বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
লুইসকে সপ্তাহের শুরুতে পুলিশ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছিল। অতীতে শারীরিক হামলার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক দণ্ড রয়েছে এবং সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। নিজের নিরাপত্তার জন্য লুইসকে শুক্রবার ভোরের দিকে নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে স্থানান্তরিত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।
কমিশনার ডোল আজ সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গত রাতে যা ঘটেছে, তা একটি অস্বাভাবিক ঘটনা বলেই আমি মনে করি।” প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জনগণের “ক্ষোভ ও হতাশা” বোঝার কথা বললেও সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
একজন জ্যেষ্ঠ আদিবাসী প্রবীণ এবং ভুক্তভোগী পরিবারের মুখপাত্র রবিন গ্রানাইটও সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “জনগণের তৎপরতায় এই লোকটি ধরা পড়েছে, এবং এখন যখন আমরা কুমানজাই লিটল বেবির জন্য শোক পালন করছি ও পরিবারকে সমর্থন দিচ্ছি, তখন বিচারকে তার নিজস্ব পথে চলতে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো সাজার বা গোলযোগ সৃষ্টির সময় এটা নয়।”
নর্দার্ন টেরিটরির মুখ্যমন্ত্রী লিয়া ফিনোচিয়ারো জানিয়েছেন, পরিস্থিতি আরও অবনতি রোধে অ্যালিস স্প্রিংসে একদিনের জন্য অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ডারউইন থেকে আরও পুলিশ মোতায়েন করা হবে। অপরাধ দমনের লক্ষ্যে শহরের নির্দিষ্ট কিছু দিনে ইতোমধ্যেই অ্যালকোহল বিক্রিতে বিধিনিষেধ কার্যকর রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
