জেডি ভ্যান্সের জালিয়াতি বিরোধী অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের প্রবেশে নিষেধাজ্ঞা

হোয়াইট হাউসের অর্থায়নে পরিচালিত জালিয়াতিবিরোধী একটি গোলটেবিল বৈঠকে ডেমোক্র্যাটিক দলীয় স্টেট অ্যাটর্নি জেনারেলদের প্রতিনিধিদের প্রবেশ করতে না দেওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এই কার্যক্রমকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার কথা বললেও, কার্যক্ষেত্রে ভিন্ন চিত্র ফুটে ওঠায় রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

নিউ ইয়র্কের লেটিশিয়া জেমস, ক্যালিফোর্নিয়ার রব বন্টা এবং নিউ জার্সির জেনিফার ডাভেনপোর্টের মতো ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলরা শেষ মুহূর্তের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বৈঠকে সরাসরি অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে তাদের দপ্তরের প্রতিনিধিরা আলোচনার প্রয়োজনে ওয়াশিংটনে উপস্থিত হলে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। লেটিশিয়া জেমস সাংবাদিকদের জানান, তার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ওয়াশিংটনে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বৈঠকে দাবি করেন, এই প্রচেষ্টা কোনোভাবেই দলীয় নয় এবং জালিয়াতি দমনে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মার্চ মাসে কার্যক্রম শুরুর পর থেকে টাস্কফোর্স জনগণের কয়েক শ কোটি ডলারের চুরি হওয়া অর্থ উদ্ধার করেছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, আমন্ত্রণের জন্য মাত্র এক কর্মদিবস সময় দেওয়া এবং কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকা প্রমাণ করে যে এটি একটি লোক দেখানো রাজনৈতিক শো।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তার মতে, প্রশাসন একদিকে জালিয়াতি দমনের কথা বলছে, অন্যদিকে কার্যকর তদন্তকারী সংস্থাগুলোকে দুর্বল করে দিচ্ছে। উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জশ কাউলও এই দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে বলেছেন, জালিয়াতি মোকাবিলায় অভিজ্ঞ ব্যক্তিদের বাদ দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে, জালিয়াতি বিরোধী অভিযানে ডেমোক্র্যাটিক শাসিত রাজ্যগুলোর অবদানকে পাশ কাটিয়ে প্রশাসন নিজেদের কৃতিত্ব জাহির করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্নেষকদের মতে, প্রকৃত অর্থেই সরকারি তহবিলের অপচয় ও জালিয়াতি রোধ করতে চাইলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে আন্তরিক সমন্বয় অপরিহার্য, যা বর্তমানে পুরোপুরি অনুপস্থিত।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%