মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত

মিসিসিপি জুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিতে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে বুধবার রাতে এই তাণ্ডব চলে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে কোনো মৃত্যুর খবর না এলেও, বেশ কিছু গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। লিংকন কাউন্টির ছোট শহর বোগ চিতোর একটি মোবাইল হোম পার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা ম্যাক্স মাহাফি জানান, তিনি বিছানায় বসে টিকটক দেখছিলেন এবং বজ্রপাতের শব্দ শুনে বাড়ির বাইরে এসেছিলেন। পরে ঘরে ফিরে তিনি দেখেন যে তার ঘরটি উড়ে গেছে। তিনি অক্ষত থাকলেও তার দাদি এবং কিছু প্রতিবেশী আহত হয়েছেন।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, পূর্ব লিংকন কাউন্টি থেকে লরেন্স কাউন্টি পর্যন্ত একটি অত্যন্ত বড় এবং বিপজ্জনক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। রাজ্যের গভর্নর টেট রিভস জানিয়েছেন, রাজ্যের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে একাধিক ঘূর্ণিঝড়ের খবর পাওয়া গেছে এবং জরুরি ব্যবস্থাপনা সংস্থা উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে। তিনি জনগণকে ‘মিসিসিপির জন্য প্রার্থনা’ করার আহ্বান জানিয়েছেন।

লিংকন কাউন্টির জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, এই তীব্র আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও কয়েকজন আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানি ঘটেনি। তারা আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং রাজ্যের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তাই উদ্ধারকারী দলের কাজে বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো দর্শনার্থীকে রাস্তা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া পরিষেবা আরও জানিয়েছে, বৃহস্পতিবারও আলাবামা, জর্জিয়া এবং ফ্লোরিডার কিছু অংশে ঘূর্ণিঝড়সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ক্যারোলাইনা এবং টেক্সাসের কিছু অঞ্চলেও শক্তিশালী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%