লাহোর থানায় নারীদের অবস্থান ও তলবে নতুন বিধিনিষেধ আরোপ

লাহোরের বিভিন্ন থানায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করেছে পাকিস্তানর পুলিশ প্রশাসন। লাহোর পুলিশের ডিআইজি অপারেশনস এ সংক্রান্ত নতুন কর্মপদ্ধতি বা এসওপি সকল এসপি এবং এসএইচও পর্যায়ে কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, সূর্যাস্তের পর কোনো নারীকে থানায় অবস্থান করতে দেওয়া হবে না। এমনকি নারী ভুক্তভোগী বা অভিযুক্ত কাউকেই সন্ধ্যার পর থানায় তলব করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আইনি প্রক্রিয়ার সাথে জড়িত সকল নারীকে যেন দিনের আলো থাকতেই থানায় উপস্থিত হয়ে কার্যক্রম সম্পন্ন করা হয়।
জরুরি প্রয়োজনে যদি সূর্যাস্তের পর কোনো নারীকে থানায় রাখা অপরিহার্য হয়ে পড়ে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তার পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, থানায় আসা নারীদের অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের মর্যাদা রক্ষা এবং তাদের আইনি অধিকার নিশ্চিত করাই এই নতুন নীতিমালার মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে থানায় সংঘটিত কিছু ঘটনার প্রেক্ষিতে পুলিশের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নারী ও শিশুদের নিরাপত্তা সুসংহত করতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
