বালুচিস্তানের রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার ওপর গুরুত্বারোপ বিলাওয়াল ভুট্টোর

পাকিস্তানের বেলুচিস্তানের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার ইসলামাবাদে জারদারি হাউসে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতির সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বিলাওয়াল স্পষ্ট করে বলেন, সরকার কিংবা বিরোধী দল—যেকোনো রাজনৈতিক পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নীতিতে অবিচল তার দল।
বৈঠকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি প্রদেশের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। এ সময় জিয়ারত ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের দাবিদাওয়া পূরণে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কেও তিনি অবহিত করেন। জনগণের দাবির প্রেক্ষিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের বিষয়টিও নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।
প্রদেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে খুব শিগগিরই একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করা হবে বলে জানান মীর সরফরাজ বুগতি। তিনি উল্লেখ করেন যে, এই সম্মেলনে সংসদবহির্ভূত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে যাতে সকল মহলের ঐকমত্যের ভিত্তিতে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া নিশ্চিত করা যায়। পাশাপাশি, জিয়ারত ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর ক্ষোভ নিরসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং আলোচনা প্রক্রিয়া সফল করার জন্য বিরোধী দলের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান রাষ্ট্রের অবস্থান যে অত্যন্ত কঠোর, তা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পুরো জাতি আজ সন্ত্রাসবাদের অভিশাপের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক জঙ্গি হামলায় জীবন উৎসর্গকারী সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোকের অংশীদার হয়ে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন পাকিস্তান পিপলস পার্টির শীর্ষ এই নেতা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ