AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরে নির্বাচনী প্রচারে নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন আজাদ জম্মু ও কাশ্মীর নির্বাচনে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলটির সভাপতি ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ নওয়াজ শরিফ মিরপুর ও মোজাফফরাবাদে দুটি বিশাল জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায় তার সাথে উপস্থিত থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

দলের স্থানীয় নেতা রাজা শোয়েব আবিদকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে রানা সানাউল্লাহ এই ঘোষণা দেন। মূলত দলীয় প্রার্থী চৌধুরী মুহাম্মদ আজহার সাদিকের সমর্থনে রাজা শোয়েব আবিদ নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলে রানা সানাউল্লাহ তার ত্যাগের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দলীয় মনোনয়ন না পাওয়ার বেদনা সত্ত্বেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে শোয়েব আবিদের এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়।

Advertisement
বিজ্ঞাপন

রানা সানাউল্লাহ জোর দিয়ে বলেন, পিএমএল-এন সবসময়ই জনগণের সমস্যা সমাধানে সক্ষম সরকার গঠনে বিশ্বাসী। তিনি পুনর্ব্যক্ত করেন যে, রাজপথে বিক্ষোভ কিংবা লং মার্চের পরিবর্তে কেবল নির্বাচিত সংসদেই সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। এছাড়া পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়নে মোটরওয়ে ও বিমানবন্দরের মতো প্রকল্পের কথা তুলে ধরে তিনি আজাদ কাশ্মীরের উন্নয়নেও বর্তমান সরকারের বিশেষ গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন।

কাশ্মীরিদের অধিকারের বিষয়ে পাকিস্তান সরকারের অটল অবস্থানের কথা জানিয়ে রানা সানাউল্লাহ বলেন, তার দল শুরু থেকেই জম্মু ও কাশ্মীরের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনসভার তারিখ নিয়ে তিনি জানান, সময়সূচীর সামঞ্জস্য বজায় রাখতে তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে, যা খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে কাশ্মীর বিষয়ক ফেডারেল মন্ত্রী ইঞ্জিনিয়ার আমির মুকাম জানিয়েছেন, দলীয় মনোনয়ন মেরিট ও কৌশলগত পর্যালোচনার ভিত্তিতেই প্রদান করা হয়েছে। তিনি রাজা শোয়েব আবিদকে দলের মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে পিএমএল-এন প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে চৌধুরী মুহাম্মদ আজহার সাদিক দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয়ের লক্ষে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%