কাতারের প্রয়াত আমিরের মৃত্যুতে দোহায় শাহবাজ ও নওয়াজ শরিফের শোক প্রকাশ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে সোমবার দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দোহার রাজপ্রাসাদে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে তারা এই শোকবার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, কাতারকে একটি আধুনিক, স্থিতিশীল এবং সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে মরহুম শেখ হামাদের অবদান অনস্বীকার্য। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তার নিরলস ভূমিকা ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ কাতারের নেতৃত্ব এবং তাদের নাগরিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এসময় তিনি ও নওয়াজ শরিফসহ প্রতিনিধি দলের সদস্যরা প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পাকিস্তানের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। শোকের এই মুহূর্তে ব্যক্তিগতভাবে দোহায় উপস্থিত হয়ে সমবেদনা জানানোয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাকিস্তান সরকারের প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%