নির্ধারিত সময়েই আজাদ কাশ্মীরে নির্বাচন, জনজীবন বিপর্যস্ত করায় আওয়ামি অ্যাকশন কমিটি নিষিদ্ধ ঘোষণা

আজাদ জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার মুজাফফরাবাদে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র চৌধুরী গফফার হোসেন এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ‘আওয়ামী অ্যাকশন কমিটি’কে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী ও জনজীবন বিপর্যস্তকারী হিসেবে উল্লেখ করেছেন।
চৌধুরী গফফার হোসেন জানান, পাকিস্তান সরকার এবং আজাদ জম্মু ও কাশ্মীর প্রশাসন বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। গত বছর ৪ অক্টোবর সরকারের সঙ্গে সম্পাদিত এক চুক্তির আওতায় কমিটির ৩৮টি দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সংগঠনটি জনস্বার্থ রক্ষার পথ থেকে সরে এসে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, গত ৩৬ দিন ধরে চলা টানা আন্দোলনের ফলে পুঞ্চ ডিভিশনে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট অবরোধ করে রাখার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে মানবিক সংকট তৈরি হয়েছে। প্রশাসন সড়কগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বন্দুক হামলার ঘটনা ঘটে বলেও তিনি দাবি করেন।
সরকারি তথ্যানুযায়ী, শুজাবাদ ও আরজা ঝান্ডালা এলাকায় হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও এক বুলডোজার চালক আহত হয়েছেন। এছাড়া খাদ্যবাহী ট্রাকে লুটপাট, জ্বালানি চুরি ও বিক্ষোভের সময় নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মুখপাত্র এই চর্চাকে ধর্মীয় পবিত্রতার পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছেন।
আগামী ১৪ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ ও ১৫ জুলাই লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানানোয় উদ্বেগ প্রকাশ করেছে আজাদ জম্মু ও কাশ্মীর সরকার। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার নিষিদ্ধ ঘোষিত সংগঠনটিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষভাগে সরকারি মুখপাত্র দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন যে, নির্বাচনী তফসিল পরিবর্তনের কোনো সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সমস্ত প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীলতা নির্বাচনের সময়সূচীকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
