লাহোরে নারী যাত্রীদের নিরাপত্তায় চালু হলো বিশেষ বাস পরিষেবা

লাহোরে নারী যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা সহজতর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে মেট্রো বাস রুটে পাঁচটি ‘স্পিডো’ বাস চালু করা হয়েছে, যা শুধুমাত্র নারী যাত্রীদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। যাত্রী ভোগান্তি হ্রাস এবং যাতায়াতের সময় সম্ভাব্য হয়রানি রোধে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী বলে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

পাঞ্জাব পরিবহন ও গণপরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, লাহোরের ব্যস্ততম মেট্রো বাস রুটে সাময়িকভাবে এই পাঁচটি বাস যুক্ত করা হয়েছে। মূলত অফিসগামী ও শিক্ষার্থীদের ভিড়ের সময় নারী যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

পাকিস্তানের পাঞ্জাবের পরিবহনমন্ত্রী বিলাল আকবর খান জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিশেষ নির্দেশনায় এই বাসগুলো মেট্রো বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিলাল আকবর খান আরও জানিয়েছেন, বর্তমানে সাময়িকভাবে স্পিডো বাস ব্যবহার করা হলেও নারী যাত্রীদের জন্য স্থায়ীভাবে নতুন মেট্রো বাস কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। বিদ্যমান ব্যবস্থায় নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে বলেও তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%