কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের নায়ক বোরহান ওয়ানি, পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করলেন মরিয়ম নওয়াজ

জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের আইকন বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। বুরহান ওয়ানির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বুরহান ওয়ানির আত্মত্যাগ এটিই প্রমাণ করে যে কাশ্মীরের প্রতিটি শিশুর ধমনীতে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা বহমান।
বুরহান ওয়ানির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরিয়ম নওয়াজ দৃঢ়তার সাথে বলেন, কাশ্মীরি জনগণের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ স্বাধীনতার সংগ্রামকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পাকিস্তান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তার মতে, বুরহান ওয়ানির বীরত্বপূর্ণ লড়াই কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘসহ পুরো বিশ্ব সম্প্রদায়ের ওপর একটি নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে, যা কাশ্মীরি জনগণের কাছে করা প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে তাদের রক্ষা করা উচিত। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তান সর্বদা পাশে থাকবে বলেও তিনি অঙ্গীকার করেন।
পরিশেষে, মরিয়ম নওয়াজ কাশ্মীরের জনগণের কষ্ট লাঘবের প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, খুব দ্রুতই অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে এবং দীর্ঘদিনের এই অমানবিক পরিস্থিতির অবসান ঘটবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ