লাহোরে স্বস্তির বৃষ্টি, বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা

দীর্ঘস্থায়ী ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে পাকিস্তানের লাহোর। গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি বয়ে আনলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পাকিস্তান বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বা লেসকোর ৭০টিরও বেশি ফিডার ট্রিপ করায় শহরের বিস্তৃত এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
পাকিস্তান আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানীর অ্যাবট রোড, লক্ষ্মী চত্বর, শিমলা পাহাড়ি, জেল রোড, আপার মল, মুঘলপুরা, তাজপুরা, চক নাখুদা, পানি ওয়ালা তালাব, ফারুখাবাদ, গুলশান-ই-রাভি, সামানাবাদ, শাদীপুরা এবং সাগিয়ানসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সাগিয়ানে ৪০.২ মিলিমিটার, পানি ওয়ালা তালাবে ৩৯.২ মিলিমিটার, চক নাখুদায় ৩৭.৪ মিলিমিটার এবং লক্ষ্মী চত্বরে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ফারুখাবাদে ১৭ মিলিমিটার, মুঘলপুরা ও সামানাবাদে ৪.৬ মিলিমিটার, গুলশান-ই-রাভিতে ৪.২ মিলিমিটার, আপার মলে ৩ মিলিমিটার, তাজপুরায় ২.২ মিলিমিটার এবং শাদীপুরা ও জেল রোডে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির তীব্রতার সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। লাহোর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ৭০টিরও বেশি ফিডার বিকল হয়ে পড়ায় কিল্লা গুজ্জর সিং, সামানাবাদ, ওয়ালটন রোড, আরএ বাজার, হারবানসপুরা, শালিমার, আমির টাউন, বাঘবানপুরা, শাহদারা এবং লাহোরের প্রাচীরবেষ্টিত পুরাতন শহরের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকায় স্থানীয় বাসিন্দারা তীব্র ভোগান্তির শিকার হয়েছেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি সারাতে কর্মীরা কাজ করছেন এবং পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় নগরবাসীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ