AdvertisementAdvertisement

গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হিমবাহ গলার সতর্কবার্তা বন্যার ঝুঁকি বৃদ্ধি

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ার আশঙ্কায় জরুরি সতর্কবার্তা জারি করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আকস্মিক বন্যা এবং হিমবাহ ধসের মতো বিপর্যয়কে ত্বরান্বিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, অত্যধিক উত্তাপের ফলে পার্বত্য উপত্যকাগুলোতে বরফ গলা পানির প্রবাহ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে নদী ও খালগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়াসহ হিমবাহ হ্রদগুলোর আয়তন আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, পাহাড়ের চূড়ায় নতুন করে হ্রদ সৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে।

Advertisement
বিজ্ঞাপন

নিচু এলাকার বাসিন্দাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর তীরবর্তী জনপদ এবং ভাটির দিকে বসবাসকারী মানুষেরা আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছেন। পার্বত্য অঞ্চলে বরফ ও মাটির বাঁধগুলোর ওপর অতিরিক্ত চাপের কারণে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা জিএলওএফ এবং পাহাড়ি ঢলের সাথে ভূমিধসের ঝুঁকিও প্রকট আকার ধারণ করেছে। মাটির স্থিতিহীনতা এবং অতিরিক্ত পানি প্রবাহের কারণে এই অঞ্চলের পাহাড়ি পথগুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পাহাড়ি উপত্যকায় ভ্রমণকারী এবং স্থানীয় বাসিন্দাদের নদী, খাল এবং হিমবাহ হ্রদ থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঢালু বা অস্থির পার্বত্য অঞ্চল এড়িয়ে চলা এবং নিয়মিত আবহাওয়া বার্তার ওপর নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কমিউনিটি বেসড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট কমিটিগুলোর সাথে সমন্বয় বজায় রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার।

Advertisement
বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিনরাত সার্বক্ষণিক সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে এসএমএস, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে জরুরি সতর্কবার্তা প্রচার অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%