বিশ্বমঞ্চে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার দাবি ইসহাক দারের

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন যে, বৈশ্বিক পরিমণ্ডলে পাকিস্তান বর্তমানে শান্তি, স্থিতিশীলতা এবং গঠনমূলক সম্পৃক্ততার এক অনন্য প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। লাহোরে হযরত আলী হুজভেরি তথা দাতা গঞ্জ বখশের ৯৮৩তম বার্ষিক গোসল মোবারক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতার গ্লানি মুছে দেশটি এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের বিশেষ উদ্যোগে সুফি সাধক দাতা গঞ্জ বখশের দরবারে ইতিহাসের বৃহত্তম সম্প্রসারণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন যে, উপাসনালয়গুলো সমাজে সেবার মানসিকতা তৈরি করে এবং আধ্যাত্মিক সমাবেশগুলো ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে ইসহাক দার বলেন, মধ্যস্থতা ও পুনর্মিলন প্রচেষ্টায় পাকিস্তান অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। এই কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেন এবং সামরিক নেতৃত্বের অকুন্ঠ সমর্থনের বিষয়টিও কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বিশ্ব আজ পাকিস্তানকে সন্ত্রাসবাদের চশমায় না দেখে শান্তি ও স্থিতিশীলতার প্রবক্তা হিসেবে দেখছে। পারমাণবিক শক্তি হিসেবে পাকিস্তানের সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতি দেশটির সামর্থ্যের পরিচায়ক। এখন সরকারের মূল লক্ষ্য পাকিস্তানকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা।

বিজ্ঞাপন

সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে পাকিস্তান সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে। পাকিস্তান আবারও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বমঞ্চে নিজের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%