করাচিতে অষ্টম মহররমের কেন্দ্রীয় শোক মিছিল ও নিরাপত্তা জোরদার

কারবালার শহীদদের অসামান্য ত্যাগের স্মরণে এবং হযরত ইমাম হোসাইন (রা)-এর পতাকাবাহী হযরত আব্বাস (রা)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ পাকিস্তানের করাচিতে অষ্টম মহররমের কেন্দ্রীয় শোক মিছিল বের করা হচ্ছে। নিসতার পার্ক থেকে শুরু হতে যাওয়া এই শোক মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শোক মিছিল শুরুর প্রাক্কালে আজ বেলা ১১টায় নিসতার পার্কে একটি বিশেষ শোক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে কারবালার শহীদদের চিরন্তন ত্যাগ ও শাহাদাতের দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ধর্মীয় আলেম আল্লামা শাহেনশাহ হোসাইন নাকভি।
দুপুর ১২টার দিকে সাদাত-এ-আমরোহার কাছ থেকে মিছিলটির মূল যাত্রা শুরু হবে। আবুল হাসান স্কাউটস ও আমরোহা স্কাউটসের নেতৃত্বে অংশগ্রহণকারীরা শোকের মাতম ও মর্সিয়া পাঠের মধ্য দিয়ে নির্ধারিত পথ অতিক্রম করবেন। মিছিলটি শাহ নেওয়াজ ভুট্টো রোড ও এমএ জিন্নাহ রোড হয়ে নুমায়েশ চওরাঙ্গিতে পৌঁছাবে, যেখানে ইমামবারগাহ আলী রাজার সামনে জোহরের নামাজ আদায় করা হবে। এরপর মিছিলটি তার নির্ধারিত পথ ধরে এগিয়ে শেষ পর্যন্ত করাচির খারাদারের হোসাইনিয়া ইরানি ইমামবারগাহে গিয়ে শেষ হবে।
পাকিস্তানের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, মিছিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মিছিল ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য। এছাড়া সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নির্ধারিত রুট ও স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশি টহল, রিজার্ভ ফোর্স এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ