গিলগিট-বালতিস্তানে জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে পিপিপি ও আইপিপি

গিলগিট-বালতিস্তানে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অঞ্চলটিতে কোয়ালিশন সরকার গঠনের লক্ষ্যে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি আলিম খানের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই ফোনালাপে দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।
গিলগিট-বালতিস্তানের প্রশাসনিক ও সাংবিধানিক পদগুলো ভাগাভাগি করার বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী, স্পিকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে পিপিপির পক্ষ থেকে আলিম খানের দলের সমর্থন চাওয়া হয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারির এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন আইপিপি সভাপতি।
আলিম খান এই কথোপকথনকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, মুখ্যমন্ত্রী ও স্পিকার নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তান পিপলস পার্টিকে পূর্ণ সমর্থন দেবে তার দল। এছাড়া, যেসব প্রার্থীর বিষয়ে ঐকমত্য হয়েছে, তাদের জয় নিশ্চিত করতে এবং শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ