পাকিস্তানের উত্তরাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশটির উচ্চতর খাইবার পাখতুনখাওয়া, কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং পাঞ্জাবের উত্তরাঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। সরকারি এ আবহাওয়া সংস্থাটির মতে, দেশের অন্যান্য অঞ্চলের অধিকাংশ এলাকাতেই গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
ইসলামাবাদ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার দির, চিত্রাল, সোয়াত, কোহিস্তান, মালাকান্দ, বাজাউর, শাংলা, বাট্টাগ্রাম, বুনার, কারাক, কোহাট, বান্নু, ডেরা ইসমাইল খান, মোহমান্দ, খাইবার, ওয়াজিরিস্তান, ওরাকজাই, মানসেহরা, অ্যাবোটাবাদ, হারিপুর, পেশোয়ার, সোয়াবি, মারদান, পারা চিনারা, হাংগু এবং কুরামের মতো বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, মারি, কালিয়াত, অ্যাটক, চাকওয়াল, ঝিলাম, মান্ডি বাহাউদ্দিন, গুজরাট, গুজরানওয়ালা, লাহোর, শেখপুরা, শিয়ালকোট, নারোওয়াল, সাহিওয়াল, খুশাব, ভাক্কার, লায়্যাহ এবং মিয়ানওয়ালির মতো এলাকাগুলোতেও একই ধরনের বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। সিন্ধু প্রদেশে সাধারণত গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
বেলুচিস্তানের বেশিরভাগ জেলায় গরম ও শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকবে। তবে কোহলু, নাসিরবাদ, হারনাই, সিব্বি, বারখান এবং খুজদারের মতো বিচ্ছিন্ন কিছু স্থানে মেঘলা আকাশসহ বজ্রবৃষ্টি হতে পারে। কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানেও স্থানীয়ভাবে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানর আবহাওয়া অফিস।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ