বিদেশি অর্থায়নে আজাদ কাশ্মীরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা নিষিদ্ধ সংগঠনের: রানা সানাউল্লাহ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ অভিযোগ করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ বা জেএএসি নামক সংগঠনটি বিদেশি শক্তির কাছ থেকে অর্থায়ন পাচ্ছে। একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেন, এই সংগঠনটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রানা সানাউল্লাহর ভাষ্যমতে, সংগঠনটি অতীতে কখনও আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার ১২টি শরণার্থী আসন বাতিলের দাবি জানায়নি।

বিজ্ঞাপন

রানা সানাউল্লাহ জানান, জেএএসি গত ২০২৫ সালের অক্টোবর মাসে ৩৮টি দাবির সাথে নতুন করে এই আসন বাতিলের বিষয়টি সামনে আনে এবং শুরুতে তা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনে সম্মত হয়েছিল। তবে পরবর্তীতে সংগঠনটি নতুন এক বিতর্কিত দাবি উত্থাপন করে, যেখানে তারা আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এ মর্মে হলফনামা প্রদানের শর্ত বাতিলের কথা বলে যে, কাশ্মীর স্বাধীন হওয়ার পর পাকিস্তানের সাথে যুক্ত হবে।

পাকিস্তান সরকারের এই উপদেষ্টা আরও দাবি করেন, তদন্তে উঠে এসেছে যে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি যুক্তরাজ্যে বসবাসরত পাকিস্তানি নাগরিকসহ বিভিন্ন বহিরাগত উৎস থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। রানা সানাউল্লাহর ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার শরণার্থী আসনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গণভোট, সর্বদলীয় সম্মেলন আহ্বান এবং বিষয়টি আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভায় পর্যালোচনার জন্য উপস্থাপনের মতো একাধিক প্রস্তাব দিয়েছিল।

তবে পাকিস্তান সরকারের দেওয়া এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি আগামী ৯ই জুন তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%