তিনটি গুরুত্বপূর্ণ নথিতে রাষ্ট্রপতির অনুমোদন, মোরাতিনোস পাচ্ছেন হিলাল-ই-পাকিস্তান খেতাব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সুপারিশক্রমে গুরুত্বপূর্ণ তিনটি প্রশাসনিক সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ইসলামোফোবিয়া মোকাবিলা বিষয়ক বিশেষ দূত মিগুয়েল আনহেল মোরাতিনোসকে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হেলাল-ই-পাকিস্তান’ প্রদানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ভূষণে ভূষিত করা হচ্ছে।

একই সঙ্গে ফজল-উল-হক আব্বাসির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তিনি এতদিন পাকিস্তানের আইন ও বিচার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক নথিপত্রে তার অব্যাহতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

এছাড়া ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসির) সদস্য হিসেবে জাফর হাসানকে নিয়োগের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। কমিশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%