AdvertisementAdvertisement

ঝাড়খন্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল রাঁচি পুলিশের জলকামান ব্যবহার

ভারতের ঝাড়খন্ড রাজ্যের সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী রাঁচি। সোমবার শত শত শিক্ষার্থী রাজ্যের বিধানসভা ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও ব্যারিকেড ব্যবহার করে দাঙ্গা পুলিশ। গত মাস থেকেই ধারাবাহিক এই বিক্ষোভ কর্মসূচি চলছে, যেখানে আন্দোলনকারীরা পুরো পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানোর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বিধানসভা এলাকা ঘিরে কয়েক স্তরের কাঁটাতারের বেড়া ও ড্রোন নজরদারি মোতায়েন করা সত্ত্বেও বিক্ষোভ দমানো যায়নি। বিধানসভা ভবন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে আন্দোলনকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তি ও জলকামানের ব্যবহারের ঘটনা ঘটে। দীর্ঘ ৯ দিন ধরে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো স্ট্রেচারে শুয়েই সোমবার বিক্ষোভে অংশ নেন এবং বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে শিক্ষার্থীদের এই কণ্ঠরোধ করা সম্ভব নয়।

Advertisement
বিজ্ঞাপন

আন্দোলনের চাপে পড়ে ঝাড়খন্ড সরকার গত রবিবার চতুর্দশ ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা এবং দুটি নিয়োগ পরীক্ষা বাতিল করার ঘোষণা দিয়েছে। এছাড়া সরকারি তদন্তের মুখে পড়ে বোর্ডের তিনজন সদস্য পদত্যাগ করেছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ না কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাও বাতিল হচ্ছে এবং পুরো ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে ন্যস্ত হচ্ছে, ততক্ষণ তাদের এই অনশন ও রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, দেশটির রাজধানী নয়াদিল্লিতে জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দুই সপ্তাহ আগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসময় ‘কোকরোচ’ নামে তরুণদের একটি সংগঠনের ৩৬ দিনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। ঝাড়খন্ডের বর্তমান পরিস্থিতিকে সেই জাতীয় পর্যায়ের আন্দোলনেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%