AdvertisementAdvertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধির জোরালো সম্ভাবনা

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক সুসংবাদ বয়ে আনছে আগামী দিনগুলো। শ্রম মন্ত্রকের অধীন লেবার ব্যুরোর প্রকাশিত সর্বশেষ শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই-আইডব্লিউর তথ্যের ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃদ্ধি কার্যকর হলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছাবে।

চলতি বছরের জুন মাসে সিপিআই-আইডব্লিউ সূচক ১৫১.৯ পয়েন্টে উন্নীত হয়েছে, যা মে মাসের ১৫০.৮ পয়েন্টের তুলনায় বেশ খানিকটা বেশি। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, গত ১২ মাসের গড় সূচকের ভিত্তিতেই মহার্ঘ ভাতার হার নির্ধারিত হয়। হিসাব অনুযায়ী তা ৬৩.৭৫ শতাংশে দাঁড়ালেও, সরকারি রীতি মেনে দশমিকের পরের অংশ বাদ দিলে চূড়ান্ত হার ৬৩ শতাংশ হওয়ার সম্ভাবনাই বেশি।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই সিদ্ধান্ত। সাধারণত প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে দুই দফায় এই ভাতা সংশোধন করা হয়। অতীত ধারা অনুযায়ী, জুলাই মাসের বকেয়া ডিএ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আসতে পারে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর কর্মীরা জুলাই মাস থেকে কার্যকর হওয়া বকেয়া অর্থসহ বর্ধিত বেতন ও পেনশন পাবেন।

বিশ্লেষকদের মতে, অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলেও নতুন কাঠামো কার্যকর হতে সময় লাগবে। তাই সপ্তম বেতন কমিশনের অধীনে এটিই হতে পারে শেষ বড় ডিএ সংশোধন। এই বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের মাসিক আয়ে ইতিবাচক প্রভাব পড়বে। উদাহরণস্বরূপ, যাদের মূল বেতন ১৮ হাজার টাকা, তারা মাসে অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। একইভাবে ৩৫,৪০০ টাকা মূল বেতনের কর্মীরা অতিরিক্ত ১,০৬২ টাকা এবং ৫৬,১০০ টাকা মূল বেতনের কর্মীরা ১,৬৮৩ টাকা বেশি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

পেনশনভোগীরাও একই হারে ডিয়ারনেস রিলিফ (ডিআর) সুবিধা পাবেন। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী ভারতের মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে চেয়ে রয়েছেন।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%