ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহে প্রাণহানি ১৩০০ ছাড়াল, জনজীবনে চরম বিপর্যয়

নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। ভয়াবহ এই তাপপ্রবাহের কবলে পড়ে ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেনসহ মহাদেশটির অন্তত ১৬টি দেশ কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২১ জুন থেকে এখন পর্যন্ত এই তাপদাহে ১,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ। তীব্র গরমে কোথাও ট্রামলাইন গলে যাচ্ছে, আবার কোথাও পিচ ঢালা রাস্তা নরম হয়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।

বিজ্ঞাপন

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা ‘পাবলিক হেলথ ফ্রান্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ২৪ জুন থেকে আগের মাসগুলোর তুলনায় প্রায় এক হাজার অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশই প্রবীণ নাগরিক। বিশেষ করে প্যারিস ও তার পার্শ্ববর্তী ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে প্রাণহানির হার উদ্বেগজনক। মেটিও-ফ্রান্সের পূর্বাভাসে জানানো হয়েছে, যদিও তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমছে, তবে সপ্তাহজুড়েই তা উচ্চমাত্রায় বজায় থাকার আশঙ্কা রয়েছে।

ব্রিটেনে গত সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। গত শুক্রবার সাফোকের ওয়াটিশামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাঙ্গেরি সরকার সরকারি কর্মীদের বাসা থেকে কাজের পরামর্শ দিয়েছে, কারণ দেশটির আসজোদ শহরে তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।

তীব্র এই গরমে স্লোভাকিয়ার টার্না নাদ বডভোউ শহরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার প্রাথমিক রেকর্ড তৈরি হয়েছে, আর সুইজারল্যান্ডে ভেঙেছে জুন মাসের সমস্ত পূর্ববর্তী রেকর্ড। ইউক্রেনে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার কারণে জরুরি ভিত্তিতে লোডশেডিং করা হচ্ছে। ইতালির রাজধানী রোম, মিলান ও ফ্লোরেন্সসহ ২২টি শহরে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

বিজ্ঞাপন

তীব্র শুষ্ক আবহাওয়ার কারণে বলকান অঞ্চলের আলবেনিয়া ও বুলগেরিয়ার বিশাল বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলবেনিয়া ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন ইতালিসহ ইউরোপের বড় অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%