ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, রাশিয়ার ভূখণ্ডে ৬ শ ৫ ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর

ইউক্রেনের খারকিভ ও সুমি অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে চালানো এসব হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও অবকাঠামো ধূলিসাৎ হয়েছে। একই সময়ে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ কেঁপে উঠেছে বলে দাবি করেছে মস্কো।
খারকিভ অঞ্চলের বালাকলিয়া শহরে রুশ হামলার শিকার হয়ে দুই নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কারাবানভ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা দিনভর তৎপরতা চালিয়েছেন। এর পাশাপাশি সুমি অঞ্চলে রাশিয়ার গাইডেড এরিয়াল বোমার আঘাতে আরও তিনজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের ওডেসা অঞ্চলের কৃষ্ণসাগর এলাকায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘মেরা কুইন’ নামক একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন নাবিক নিহত হয়েছেন। গমবোঝাই জাহাজটিতে হামলার পর সেখানে আগুন ধরে যায়। গত এক মাস ধরে ইউক্রেনের রপ্তানি পথ ও বন্দরগুলোতে রাশিয়া নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে আসছে, যা দেশটির অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। এছাড়া দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে দুইজন এবং খেরসনে ড্রোন হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। এই হামলায় রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিস’-এর একটি লজিস্টিক সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের অভিযোগ, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় বড় ভূমিকা রাখছে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, তাদের সামরিক বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের বাশনেফত-নোভোয়িল এবং ইয়ারোস্লাভল অঞ্চলের স্লাভনেফত-ইয়ানোস তেল শোধনাগারে সফল হামলা চালিয়েছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি বা প্রভাব নিয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
