AdvertisementAdvertisement

ভেনেজুয়া ভূমিকম্পে ২৩৫ জনের প্রাণহানি আন্তর্জাতিক সহায়তার ঢল

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। গত বুধবার দেশটিতে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, কারাকাসের ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমবার ৭.২ এবং এক মিনিটেরও কম ব্যবধানে দ্বিতীয়বার ৭.৫ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়, যা ১৯০০ সালের পর দেশটিতে রেকর্ড করা সবচেয়ে তীব্র দুর্যোগ।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জাতিসংঘের স্বীকৃত উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করেছে। দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, এখনও অন্তত ২০০ মানুষ নিখোঁজ রয়েছে এবং সারা দেশে প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার শোকসন্তপ্ত ভেনেজুয়েলাবাসীর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের সহায়তা পৌঁছানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সাহায্যের ঢল নেমেছে। যুক্তরাষ্ট্র সরকার ১৫০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার আওতায় যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ব্রাজিল একটি ফিল্ড হাসপাতালসহ ৩৬ জন দমকলকর্মী ও আটজন বিশেষজ্ঞসহ নয় টন সরঞ্জাম পাঠাচ্ছে। এল সালভাদর ৩০০ উদ্ধারকর্মী ও ৫০ টন ত্রাণ সামগ্রী প্রস্তুত রেখেছে। কিউবা, মেক্সিকো এবং কলম্বিয়াও উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পাঠানোর কাজ শুরু করেছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি ছয়টি সামরিক পরিবহন বিমান, ফ্রান্স ৮৫ সদস্যের উদ্ধারকারী দল এবং নেদারল্যান্ডস দুই দশমিক ২৮ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। তুরস্ক, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্পেনও তাদের উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের ভেনেজুয়েলার উদ্দেশ্যে পাঠিয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪১ সদস্যের একটি মেডিকেল দল ও ৩৫ টন সরঞ্জামসহ দুটি বিমান পাঠিয়েছে এবং চীন প্রয়োজনীয় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা তহবিল ছাড় করেছে। এছাড়া ভ্যাটিকানের পক্ষ থেকে পোপ এক লাখ ইউরো বা প্রায় এক লাখ ১৪ হাজার ডলারের প্রাথমিক জরুরি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে এই আন্তর্জাতিক সহায়তা দুর্যোগ কাটিয়ে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভূমিকম্পের আগে থেকেই ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত ও বিদ্যুৎ ব্যবস্থা তীব্র সংকটের মধ্যে ছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই দুর্যোগের ফলে দেশটির ১১১ বিলিয়ন ডলারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত এক থেকে সাত শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এর আগে গত জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে সরিয়ে দেলসি রদ্রিগেজের নেতৃত্ব প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অবরোধ কিছুটা শিথিল হলেও ভঙ্গুর অবকাঠামো ও সীমিত সম্পদের কারণে উদ্ধারকাজ পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%